স্টাফ রিপোর্টার:-
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নয়াবাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার ভাই জাহাঙ্গীর আলম। তারা গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বিপরীত দিক থেকে গরু নিয়ে আসা ভুটভুটির সঙ্গে নয়াবাজার এলাকায় বাসটির সংঘর্ষ হয়। এতে ভুটভুটিতে থাকা কয়েকজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। গুরুতর আহত চারজনকে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাস ও ভুটভুটি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ভুটভুটি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ধরনের যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দেশ বাংলা টিভি ডেক্স